প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।
এর আগে, এশিয়ার একাধিক দেশ সফরের অংশ হিসেবে দুই দিনের সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন হাকান ফিদান। বাংলাদেশ সফরের পূর্বে তিনি ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেন এবং সিউল থেকে সরাসরি ঢাকায় পৌঁছান।
সফরের প্রথম কার্যদিবস অর্থাৎ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন। উক্ত বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
পরবর্তীতে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। যৌথ প্রেস ব্রিফিংয়ের আনুষ্ঠানিকতা শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান এবং সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।



