চীনে ‘চায়না মিডিয়া গ্রুপ’ সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১০ জুন) চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ্যমন্ত্রীসহ অন্যান্য বৈশ্বিক প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন।

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার শহর হিসেবে পরিচিত চংচিংয়ে আয়োজিত এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। উদ্বোধনী অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং খ্যাতনামা গণমাধ্যমগুলোর প্রায় ৩০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা অত্যন্ত প্রয়োজন। এর পাশাপাশি সমসাময়িক চ্যালেঞ্জ হিসেবে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক পারষ্পরিক সহযোগিতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি উল্লেখ করে তথ্যমন্ত্রী বাংলাদেশ ও চীনের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাদার প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এবারের সম্মেলনে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিভিন্ন আধুনিক উদ্যোগ ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। এই বিশেষ আয়োজনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের এক নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনে এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ রাতেই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।