মালয়েশিয়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় বিমানটি পৌঁছানোর পর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাঁকে রাজকীয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে রোববার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় এবং এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের ‘শাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী এবং সফরসঙ্গীরা এই হোটেলেই অবস্থান করবেন। মালয়েশিয়া আগমন উপলক্ষে আজ রাতেই প্রবাসীদের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ সুধী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এই সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক, প্রবাসীকুল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতা গভীর করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।