জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ: বিতরণ সংস্থাগুলোকে তদন্তের নির্দেশ বিদ্যুৎ বিভাগের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চলতি জুন মাসে অন্যান্য স্বাভাবিক মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের এই ভোগান্তি ও হয়রানি কমাতে পুরো বিষয়টি জরুরিভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও মাধ্যম থেকে জানা গেছে যে, অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে। গ্রাহকদের অনাকাঙ্ক্ষিত হয়রানি ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ ও নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এ অবস্থায় কোনো গ্রাহকের অতিরিক্ত বা অসঙ্গতিপূর্ণ বিদ্যুৎ বিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, তা নিয়ে সরাসরি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এর পাশাপাশি অফিসে না গিয়েও ঘরে বসে বিদ্যুৎ বিভাগের নির্ধারিত কেন্দ্রীয় এবং প্রাতিষ্ঠানিক হটলাইন নম্বরগুলোতে কল করেও গ্রাহকেরা তাঁদের অভিযোগ জানাতে পারবেন।

গ্রাহকদের দ্রুত সহায়তার জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবার হটলাইন নম্বর হলো ১৬৯৯৯। এ ছাড়া বিদ্যুৎ বিতরণকারী বিভিন্ন সংস্থার নিজস্ব হটলাইন নম্বরগুলো হলো—বিপিডিবি (১৬২০০), পবিবো (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২) , নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭)। এসব নম্বরে যোগাযোগ করে গ্রাহকরা যেকোনো বিল সংক্রান্ত সমস্যার প্রয়োজনীয় সমাধান ও আইনি সহায়তা নিতে পারবেন।