আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি থেকে বাংলাদেশ সরকার ‘শূন্য হাতে’ ফেরেনি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অংশ নিয়ে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন।
পূর্ববর্তী সরকারের আমলে আইএমএফের কাছ থেকে নেওয়া বিভিন্ন কর্মসূচির কঠোর সমালোচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের সময় নেওয়া ওই কর্মসূচির বেশ কিছু শর্ত দেশ ও সাধারণ জনগণের স্বার্থ বিবেচনায় আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে হয়নি। আর এই কারণেই দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে উক্ত প্রোগ্রাম থেকে বর্তমান সরকার নিজেরাই বের হয়ে এসেছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, আইএমএফের কর্মসূচি থেকে বেরিয়ে আসলেও আন্তর্জাতিক এই সংস্থার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ বিবেচনায় রেখে আইএমএফের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আবার নতুন এবং যুগোপযোগী প্রোগ্রাম গ্রহণ করা হবে।



