২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা তার ক্যানসার আক্রান্ত ছোট ছেলেকে নিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্যানসারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে আকস্মিক দুর্যোগে পড়া অসহায় পরিবারটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা তুজ জোহরাকে একটি যোগ্যতা অনুযায়ী চাকরির আশ্বাস দেন সরকারপ্রধান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের রাতে গুলিবিদ্ধ হয়ে বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ শহীদ হন। এই মর্মান্তিক ঘটনার ঠিক দুই সপ্তাহ পর ফাতেমা তুজ জোহরা জানতে পারেন যে তার ছোট ছেলে জিসান ক্যানসারে আক্রান্ত। বড় সন্তানের মৃত্যুর শোক ও ছোট ছেলের মারাত্মক অসুস্থতার মধ্যেই এর সাত মাস পর তিনি তার স্বামীকেও হারান।
স্বামী ও বড় সন্তানকে হারিয়ে তীব্র অর্থনৈতিক ও মানসিক সংকটে পড়া পরিবারটির পাশে দাঁড়ান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তৎকালীন সময়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের মাধ্যমে নিয়মিত জিসানের চিকিৎসার খোঁজ নিতেন। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত তত্ত্বাবধানেই জিসানের যাবতীয় চিকিৎসা ও ব্যবস্থাপনার ব্যয় বহন করা হচ্ছে।



