টাঙ্গাইলের সখীপুরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে এবং স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এই ঘটনায় পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গেম খেলার জন্য মায়ের কাছে মোবাইল ফোন চায় আব্দুল্লাহ। তবে মা মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় সে মায়ের ওপর অভিমান করে। একপর্যায়ে ঘরের জানালার গ্রিলের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস লাগায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহর স্কুলের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল্লাহ ছাত্র হিসেবে খুবই মেধাবী ছিল। মঙ্গলবারও সে স্কুলের ক্লাস শেষে বাড়িতে ফিরে যায়। তার এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি নিহত শিশুর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।



