সরকারি কর্মচারী হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি শুরু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশে প্রতিবছর জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যা নিয়ে জন্ম নেওয়া শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে একটি বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারী হাসপাতালে এসব শিশুর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি শুরু করেছে সরকার।

শনিবার (১৮ জুলাই) সকালে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এই চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।

উদ্বোধনী বক্তৃতায় জনপ্রশাসন উপদেষ্টা জানান, বিশ্বজুড়ে প্রতি ৫০০ থেকে ৬০০ জন নবজাতকের মধ্যে একজন এই ধরনের সমস্যা নিয়ে জন্মায় এবং বাংলাদেশে এই সংখ্যা বছরে প্রায় পাঁচ হাজার। একটি সফল অস্ত্রোপচার শুধু একটি শিশুর মুখাবয়ব পরিবর্তন করে না, বরং তার পুরো জীবনকেই বদলে দেয় উল্লেখ করে তিনি এই জন্মগত ত্রুটি সম্পর্কে দেশজুড়ে সচেতনতা বাড়ানো ও সঠিক সময়ে অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকারের সমন্বিত উদ্যোগের কথা তুলে ধরেন।

চিকিৎসা খাতের অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ আরও জানান, দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ ইতিমধ্যে শুরু করেছে সরকার। এর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের সামগ্রিক কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধনের পর উপদেষ্টা সরকারি কর্মচারী হাসপাতালের নবনির্মিত আধুনিক ‘কল সেন্টার’-এরও আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।