দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান ডেপুটি স্পিকারের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

নতুন বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে এবং দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়; ভুলত্রুটি শুধরে নিয়ে সরকারের সব ইতিবাচক ও উন্নয়নমূলক কাজে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, এই পেশাকে কলুষিত করার চেষ্টা করা কখনোই কাম্য নয়। নিজের ভুলের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধি বা দায়িত্বশীলদের ভুলত্রুটি সাংবাদিকরা তুলে ধরলে তা শোধরানোর সুযোগ তৈরি হয়। তবে অপসাংবাদিকতা এড়িয়ে জাতির বিবেক হিসেবে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, তথ্যপ্রবাহের এই যুগে তথ্য পাওয়ার পাশাপাশি ভুয়া খবর ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে। তাই সঠিক তথ্য যাচাই-বাছাই বা ফ্যাক্ট চেকিং করে তা প্রকাশ করা বর্তমান সময়ের সাংবাদিকদের প্রধান দায়িত্ব। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখার তাগিদ দেন তিনি।

পিআইবির এই কর্মসূচির মূল লক্ষ্য হলো আধুনিক ডিজিটাল প্রযুক্তি, তথ্য যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা যেন আরও নিখুঁত, বিশ্বাসযোগ্য ও পাঠকবান্ধব সংবাদ পরিবেশন করতে পারেন এবং এআই ব্যবহারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন, সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক এই কর্মশালায় দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫ জন স্থানীয় সাংবাদিক অংশগ্রহণ করেছেন। আগামী ২৪ জুলাই বিকেলে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এবং প্রশিক্ষক আলী আকবর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।