মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে তৈরি হওয়া সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার জরুরি সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই সহায়তা চান তিনি। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে দ্রুত আলোচনা করে গ্যাস সংকট নিরসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী জানান, দেশের অভ্যন্তরে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যকার ঘাটতি দূর করতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করে সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লেখেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মঙ্গলবার সকালে মালয়েশিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন চিঠিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
মালয়েশিয়ার প্রতিক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক কোনো সমাধান দেওয়া সম্ভব কি না, তা নিয়ে আনোয়ার ইব্রাহিম তাঁর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। সরাসরি এলএনজি সরবরাহের পাশাপাশি কারিগরি পরামর্শ বা অন্যান্য উপায়ে সহযোগিতার সুযোগ রয়েছে কি না, সে বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে।



