বাংলাদেশে ইতিহাসজুড়ে যখনই কোনো ইতিবাচক বা মৌলিক পরিবর্তনের কথা উঠেছে, তখনই মানুষকে জীবন দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী সতর্ক করে বলেন, জুলাইয়ের মূল চেতনা ও মূল্যবোধকে সঠিকভাবে ধারণ করে পরিবর্তনের জন্য কাজ না করলে সন্তানহারা মায়েদের কান্না ও অশ্রু অর্থহীন হয়ে পড়বে।
বর্তমান সরকারের মেয়াদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার গঠনের পাঁচ মাস অতিক্রান্ত হলেও সার্বিক ক্ষেত্রে কাক্সিক্ষত পরিবর্তন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে আমাদের নিজেদের মাঝে পরিবর্তন না এলেও তারেক রহমান প্রতিনিয়ত পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের প্রকৃত সফলতা দেখতে হলে সর্বস্তরের মানুষের মধ্যে পরিবর্তনের মনোভাব গড়ে তুলতে হবে। তবেই শহীদদের অবদান ও আত্মত্যাগ সার্থক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



