বন্ধ সরকারি শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর সার্বিক প্রক্রিয়া আগামী ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একই সঙ্গে এসব কারখানায় উৎপাদন ফেরাতে বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির তাগিদ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তাঁর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

উপ-প্রেস সচিব সাংবাদিকদের জানান, বন্ধ সরকারি কারখানাগুলো দ্রুত সচল করতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনার সিদ্ধান্ত হয়েছে সভায়। দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করে দ্রুত উৎপাদন শুরু করতেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে, যা ২০২৬ সালের মধ্যে বাস্তবায়নে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশে কার্যকর বিনিয়োগবান্ধব পরিবেশ সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাকে সমন্বিত উদ্যোগে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

উচ্চপর্যায়ের এ বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।