নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির বর্জ্য ও নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থার সার্বিক অবস্থা সরেজমিনে তদারকি করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা ঘুরে দেখেন।

এর আগে প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে উপস্থিত হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। পরবর্তীতে বিকেলে তাঁদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন এবং পর্যবেক্ষণ শেষে পুনরায় নিজ বাসভবনে ফিরে আসেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা (সেক্টর ৩, ৪, ৫ ও ৬), এয়ারপোর্ট রোড, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট ও বনানীসহ বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে বিভিন্ন স্থানে বিদ্যমান নানা নাগরিক সমস্যা চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। কয়েকটি বিষয়ে তিনি প্রত্যক্ষভাবে অসন্তোষ প্রকাশ করেন এবং নগরের এসব সমস্যা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের কঠোর নির্দেশ দেন। সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থাকে নগরসেবার মান বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।