জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। হাসপাতালে শয্যাশায়ী থাকা অবস্থাতেই মিতু আজ (৫ আগস্ট) সরাসরি ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন।
রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আহত মিতুকে পরম মমতায় কাছে ডেকে নেন এবং তাঁর সাথে আন্তরিকভাবে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর শরীরের বর্তমান অবস্থা ও শারীরিক চিকিৎসার অগ্রগতির খোঁজ নেওয়ার পাশাপাশি জুলাই আন্দোলনের প্রতি তাঁর সাহস ও অনন্য আত্মত্যাগের গভীর সম্মান জানান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আমন্ত্রিত অতিথিদের মধ্যে মিতু ছিলেন অন্যতম, যিনি ২৪-এর জুলাইয়ের যুদ্ধে আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখান থেকে সরাসরি তিনি অনুষ্ঠানে যোগ দিলে প্রধানমন্ত্রী তাঁর সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন, যা উপস্থিত সকলের মাঝে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
এর আগে প্রধানমন্ত্রী ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শেষে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন। উক্ত অনুষ্ঠান ও সাক্ষাৎ পর্বে প্রধানমন্ত্রীর পাশাপাশি তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।



