প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে, শ্রেণিকক্ষেই শিক্ষা নিশ্চিতের তাগিদ গণশিক্ষা প্রতিমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, অতিরিক্ত প্রাইভেট নির্ভরতার কারণে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। তাই শ্রেণিকক্ষেই যেন শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ ও উপযুক্ত শিক্ষা পায়, তা নিশ্চিত করতে হবে।

রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর হোটেল শেরাটনে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষা খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ববি হাজ্জাজ জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় একটি দৃশ্যমান পরিবর্তন আনা হবে। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা, বিষয়ভিত্তিক কর্মমুখী শিক্ষা চালু করা এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রাথমিক শিক্ষা শেষ করার পরও বহু শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো সঠিকভাবে আয়ত্ত করতে পারছে না বলে আক্ষেপ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে।

এর পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের দিকে নজর রেখে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। খেলাধুলাকে পড়াশোনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।