পরিবেশ রক্ষা আমাদের একটি জাতীয় আন্দোলন : পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পরিবেশ রক্ষা বর্তমানে একটি জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তরুণ সমাজ ও দেশবাসী সবুজ অর্থনীতি গড়ে তুলতে পুরোপুরি প্রস্তুত।

রোববার (৯ আগস্ট) আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তী মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী জানান, এবারের মাসব্যাপী বৃক্ষমেলায় মোট ৭৪টি নার্সারি অংশ নিয়েছিল। সেখান থেকে দেশজুড়ে আসা পরিবেশপ্রেমী দর্শনার্থীরা প্রায় ১৬ লাখ চারাগাছ কেনেন, যার মোট বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা। মেলা আনুষ্ঠানিক সমাপনী টানলেও গাছ লাগানোর আসল কাজ এখন শুরু হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

জলবায়ু ও পরিবেশের ক্ষতি মোকাবিলায় বর্তমান প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বৃহৎ কর্মসূচির কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, সামাজিক বনায়নে এ পর্যন্ত ১ লাখ ৭ হাজার হেক্টরের বেশি ব্লক ও ৮২ হাজার কিলোমিটারেরও বেশি স্ট্রিপ বাগান করা হয়েছে। এতে প্রায় ৮ লাখ মানুষ প্রত্যক্ষ অংশীদার হয়ে আর্থিক সুফল পাচ্ছেন। প্রতিটি পরিবার অন্তত একটি করে গাছ লাগালে ২০৩৫ সালের মধ্যে দেশের বৃক্ষাচ্ছাদন ২৭ শতাংশে উন্নীত করার যে লক্ষ্য রয়েছে, তা মেয়াদের আগেই অর্জিত হবে বলে তিনি আশা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী। তিনি দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় বৃক্ষশূন্যতা এবং রাজধানী ঢাকার পর্যাপ্ত সবুজের ঘাটতির চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রায় ৩ কোটি মানুষের ঢাকা শহরে মাত্র সাড়ে ১০ ভাগ সবুজ এলাকা রয়েছে, যেখানে বাসযোগ্যতার জন্য প্রয়োজন অন্তত ২০ ভাগ। ঢাকার এই ঘাটতি মেটাতে নগরবাসীকে ছাদে পরিকল্পিতভাবে বাগান করার আহ্বান জানান তিনি।