জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সিইসির আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এর আগে, দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ ভবনের নির্ধারিত কক্ষে সংসদ সদস্যদের সরাসরি অংশগ্রহণে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশন নির্ধারিত প্রক্রিয়ায় মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটারের মধ্যে ৩৪৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ৬ জন সদস্য ভোটদান থেকে বিরত থাকেন।



