প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তিনটি মন্ত্রণালয়বিষয়ক দায়িত্ব পালনের পর মন্ত্রিসভায় যুক্ত হলেন বিএনপি নেতা হুমায়ুন কবির। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন।
প্রতিমন্ত্রী পদে উন্নীত হওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। এর পাশাপাশি বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ড এবং দলের শীর্ষ নেতৃত্বের বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হুমায়ুন কবির লন্ডন স্কুল অব ইকোনমিকস, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লিডস ল’ স্কুল থেকে তিনটি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এর আগে তিনি লন্ডনে মেয়রের দপ্তরে কৌশল সহকারী এবং লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।
বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান, যার অংশ হিসেবে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির।



