ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’-এর বিশেষ বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। ওই কর্মসূচির ফলে মেয়েদের স্কুলে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন ধারাবাহিক রাখা এবং বাল্যবিবাহ রোধে যে সফলতা এসেছিল, তা বৈঠকে তুলে ধরা হয়।
এরই ভিত্তিতে সম্ভাব্য আর্থিক ব্যয়, উপকারভোগীর সংখ্যা এবং শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে নতুন প্রস্তাব তৈরির ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি।
অন্যদিকে, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিদ্যালয় পর্যায়ে ‘মিড-ডে মিল’ চালুর বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। খাবারের মান নিশ্চিত করতে এবং কার্যকর ব্যবস্থাপনা যাচাইয়ে দুটি পৃথক পদ্ধতিতে দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উক্ত বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা সচিব আবদুল খালেকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।



