প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: ড. আব্দুল মঈন খান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

একটি সরকারের নির্দিষ্ট মেয়াদের তুলনায় ছয় মাস অত্যন্ত সংক্ষিপ্ত সময় হলেও এই সময়সীমার মধ্যেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দেওয়া নির্বাচনি ওয়াদাগুলো একের পর এক পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর যে অঞ্চলে সাধারণ মানুষের সুনির্দিষ্ট কল্যাণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সেখানে বর্তমান সরকারের ছয় মাসের মাথায় ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। সাধারণ ও দুঃস্থ মানুষের সহায়তার পাশাপাশি রাস্তাঘাট, মসজিদ ও মাদ্রাসার পরিকাঠামোগত সংস্কার নিশ্চিত করা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট রাষ্ট্রীয় নীতির কারণে।

সরকারের সাম্প্রতিক বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশের কৃষক ও প্রান্তিক মানুষের জন্য প্রবর্তিত ‘কৃষক কার্ড’ এবং ‘ফ্যামিলি কার্ড’-এর মতো ধারণাসমূহ রাসুলুল্লাহ (সা.)-এর মানবিক ও সামাজিক শিক্ষার আলোকেই গৃহীত হয়েছে। এসব সামাজিক সুরক্ষা পদক্ষেপের মধ্য দিয়ে সরকার সঠিক পথে অগ্রসর হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।

অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক নেতা ও স্থানীয় সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা এবং নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার।

এর আগে একই দিনে দুপুরে স্থানীয় সরকারমন্ত্রী চরনগরদীতে নিজ বাসভবন সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁর পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।