নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ কঠিন পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে যেকোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এই অবস্থান ও সমবেদনার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের মৃত্যু ও ধ্বংসলীলায় বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার ও জনগণ এই দুর্যোগপূর্ণ সময়ে নেপালের সরকার ও বন্ধুপ্রতীম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। যেকোনো প্রদেয় সহায়তা নিয়ে ঢাকার উদ্ধার ও ত্রাণ দল প্রস্তুত রয়েছে।
এদিকে নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের তালিকায় ৪০৩ জন ব্যক্তি রয়েছেন, যার মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ভারতীয়, মার্কিন ও ব্রিটিশ নাগরিকসহ বিভিন্ন দেশের পর্যটকরা অন্তর্ভুক্ত রয়েছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রাখতে স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে।



