সীমান্তে চোরাচালান, মাদকপাচার ও হত্যা বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ-ইন এবং সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও সংশ্লিষ্টদের আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করার জন্য বিজিবি প্রধান তাঁকে অভিনন্দন জানান। পরবর্তীতে বিজিবির সার্বিক কার্যক্রম এবং দেশের সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিতে ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবগত করেন মহাপরিচালক।

রাষ্ট্রপতি বিজিবির উদ্যোগগুলোর ওপর গুরুত্ব তুলে ধরে বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে সীমান্ত প্রহরীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহিনীর সুরক্ষাকাজে অত্যাধুনিক আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন তিনি।

বিজিবির বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে বাহিনীর প্রধানকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ বঙ্গভবনের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।