কৃত্রিম সার সংকট সৃষ্টিকারীদের ছাড় নয়, পুলিশি ব্যবস্থার হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশে চার থেকে পাঁচ মাসের সারের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, সারের দাম বাড়ার অভিযোগটি সঠিক নয়। একটি অসাধু সিন্ডিকেটের কারসাজিতে বাজারে কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

কৃষি খাতের পরিকল্পনা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ আমদানিনির্ভর মসলা চাষে সম্পূর্ণ স্বনির্ভরতা অর্জন করবে। প্রতি বছর দেশে প্রায় এক লাখ টন আদা আমদানি করতে হয় উল্লেখ করে তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ ও টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানি নির্ভরতা শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে।

চলতি বছরের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতি বছর দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হলেও চলতি বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হয়নি। ভবিষ্যতে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি। সভা সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান রাজিব।