৪২ বছর পর আধুনিক হচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দীর্ঘ ৪২ বছরের পুরোনো আইন সংশোধন করে যুগোপযোগী ও আধুনিক ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই বিধিমালার মাধ্যমে এভিয়েশন খাতকে বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন, উড়োজাহাজের নিরাপত্তা এবং আকাশপথের সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’ এর খসড়া চূড়ান্তকরণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা জানান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিমানমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের সিভিল এভিয়েশন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে একাধিক সময়োপযোগী পদক্ষেপ নিচ্ছে। বেসরকারি এয়ারলাইন্সগুলোকে প্রধান অংশীজন আখ্যা দিয়ে তিনি জানান, বিমানে জটিল যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলের বিদ্যমান জটিলতা নিরসন করা হবে। একই সাথে দেশি-বিদেশি উড়োজাহাজের সুবিধার্থে দেশে একটি আন্তর্জাতিক মানের ‘মেন্টেনেন্স ও রিপেয়ার ইউনিট’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া কেপটাউন কনভেনশনের শর্তাবলি অনুসরণ করে আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিং সহজ করার বিধান যুক্ত করার পাশাপাশি বেসরকারি উদ্যোগে বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণ প্রক্রিয়াকে সহজীকরণের আশ্বাস দেন মন্ত্রী। সংশ্লিষ্ট অংশীজনদের সহায়তায় দেশকে একটি উন্নত এভিয়েশন হাবে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

খসড়া চূড়ান্তকরণ সভায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ আল মামুন বেসরকারি এয়ারলাইন্সের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

উক্ত সভায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।