সংসদে সুন্দর কথা বললেও বাইরে একাত্তরের রূপ নেয় বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সংসদে বিরোধী দল নানা মুখরোচক ও সুন্দর কথা বললেও বাইরে এসে তারা স্বাধীনতার সময়কার অর্থাৎ ১৯৭১ সালের হিংসাত্মক রূপ ধারণ করে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে জেলা বিএনপির ব্যানারে আয়োজিত সুবিশাল র‍্যালির শুভ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এই র‍্যালিতে অংশ নেন।

বিরোধী দলগুলোর বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে লংমার্চ কর্মসূচির কঠোর সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই কোনো কারণ ছাড়াই একটি গোষ্ঠী রাজপথে নানাভাবে আন্দোলনের হুংকার দিয়ে আসছে। শপথ নেওয়ার দিন থেকে শুরু করে বিগত ছয় মাসে রাজপথে আন্দোলন বা হুংকার দেওয়া ছাড়া তারা দায়িত্বশীল ভূমিকা রাখেনি।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সরাসরি ইঙ্গিত করে এ্যানি বলেন, জামায়াত প্রধান সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে কটূক্তির বিচার চান এবং জড়িতদের ইতর আখ্যা দিয়ে গ্রেপ্তারের আবেদন জানান। অথচ দীর্ঘদিন ধরে এনসিপির পাটওয়ারীসহ বিরোধীদের একাংশ যখন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান এবং বিএনপি নেতাকর্মীদের অশালীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ করছিল, তখন একটিবারও তাদের বারণ করা হয়নি। রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার চরম অভাবের কারণে তারা এই দ্বিমুখী আচরণ করছেন বলে অভিযোগ তোলেন তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে মন্ত্রী খোলাসা করে বলেন, একটি সম্পূর্ণ ধ্বংসস্তূপের মধ্য থেকে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তুষের আগুনের ওপর দাঁড়িয়ে কাজ করতে গিয়ে মাত্র ছয় মাসের মধ্যে সারা দেশের লোডশেডিং পুরোপুরি দূর করা বাস্তবিক অর্থেই অসম্ভব। তবে সরকার সব সমস্যা সমাধানের পথে হাঁটছে।

আইনগত ও বাস্তবিক সীমাবদ্ধতা তুলে ধরে তিনি জানান, ১২ ফেব্রুয়ারির আগে ক্ষমতা হস্তান্তরকারী অন্তর্বর্তীকালীন সরকার যদি বিদ্যুৎ ও গ্যাস আমদানির দীর্ঘমেয়াদি পদক্ষেপে হাত দিত, তবে আজকের এই সংকটে পড়তে হতো না। বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে সরকারকে পর্যাপ্ত সময় দিতে বিরোধী দল ও দেশবাসীর প্রতি আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী।

র‍্যালিপূর্ব এই সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।