পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ ক্ষেত্রে কেবল সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা না করে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে নদী রক্ষা ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট নানা বিষয় বিস্তারিত খতিয়ে দেখা হয়।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীসহ সংলগ্ন খাল ও ড্রেনের দূষণ প্রতিরোধ এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এসব বিষয়ে গৃহীত সার্বিক পরিকল্পনা বাস্তবায়নে কালক্ষেপণ না করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার সুনির্দিষ্ট চেষ্টা চালাতে হবে। এ লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক নির্দেশনার পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি।

গুরুত্বপূর্ণ এ পর্যালোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট একাধিক প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার এবং ঢাকার আশপাশের সিটি করপোরেশনগুলোর প্রশাসকমণ্ডলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।