গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় দিল হাইকোর্ট

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। কর না দেওয়ার উদ্দেশ্যে দায়ের করা রিটের রুল খারিজ করে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে তিন অর্থবছরে এনবিআরের পাওনা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের জন্য গ্রামীণ কল্যাণকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

ঘটনার পটভূমিতে জানা গেছে, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করেছিল এনবিআর। ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ দুটি পৃথক রিট পিটিশন দায়ের করে। প্রাথমিক শুনানি শেষে আদালত তৎকালীন সময়ে রুল জারি করেছিলেন।

পরবর্তীতে পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের বিপরীতে ৬৬৬ কোটি টাকা প্রদেয় করের সিদ্ধান্ত বহাল রাখলে ২০২৪ সালের ৪ আগস্ট তৎকালীন হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে রায় দেন। তবে পরদিনই দেশের রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তন ঘটে। এরপর একই বছরের ২৯ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিতভাবে সেই রায় প্রত্যাহার করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠান, যা পরবর্তীতে বর্তমান নতুন বেঞ্চে শুনানির জন্য স্থানান্তরিত হয়।

নতুন বেঞ্চে চূড়ান্ত শুনানি শেষে আজ রিটটি খারিজ করে দেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা আয়কর গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতেই হচ্ছে।