ইশতেহার অনুযায়ী খাদ্যনিরাপত্তা ও কৃষির উন্নয়নে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনি ইশতেহারে খাদ্যনিরাপত্তা, কৃষক ও কৃষির উন্নয়ন এবং জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যশিল্পের টেকসই বিকাশে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মানসম্মত খাদ্য উৎপাদন অত্যন্ত জরুরি। খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ—প্রতিটি ধাপে গুণগত মান ধরে রাখতে সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রক্রিয়াজাত খাদ্যশিল্পে আন্তর্জাতিক বাজার ধরার আহ্বান জানিয়ে আফরোজা খানম বলেন, আধুনিক প্রযুক্তি ও নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে খাদ্যপণ্যের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। এতে কৃষিপণ্যের অপচয় কমে ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে ইতালি, জার্মানি, জাপান, চীন, যুক্তরাষ্ট্রসহ ৩৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে।

বাপার সভাপতি মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। আয়োজক কমিটির প্রধান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা এতে বক্তব্য রাখেন।