আনসার-ভিডিপি সদস্যদের মৎস্য ও প্রাণিসম্পদে আত্মকর্মসংস্থানে যুক্ত করার উদ্যোগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন খাতে আত্মকর্মসংস্থানে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সম্ভাবনাময় বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সাক্ষাৎকালে সঞ্জীবন প্লাটুনের সদস্যদের স্থানীয় পর্যায়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ নিশ্চিতকরণে আলোকপাত করা হয়।

২০২৬ সালের শুরু থেকে উপজেলা ও গ্রাম পর্যায়ে ‘সঞ্জীবন প্লাটুন’ গঠনের কার্যক্রম এগিয়ে চলছে। তৃণমূল পর্যায়ে বাহিনীর বিস্তৃত উপস্থিতি ও সংগঠিত সক্ষমতাকে কাজে লাগিয়ে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিকল্পনা অনুযায়ী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কারিগরি নির্দেশনা মেনে সঞ্জীবন প্লাটুনের উদ্যোক্তারা উন্নত জাতের গাভী, ছাগল, গাড়ল, ভেড়া ও মুরগির খামার গড়ে তুলতে পারবেন। একই সঙ্গে স্থানীয় জলাশয় ও পতিত জমি কাজে লাগিয়ে মাছ ও সমন্বিত মৎস্য চাষের ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণেরও আহ্বান জানানো হয়েছে।

এ উদ্যোগ সফল করতে কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ক্ষুদ্র ঋণ সরবরাহের প্রস্তাব রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণ, ঋণ, উপকরণ ও বাজার সংযোগ নিশ্চিত করা গেলে প্রায় ৬০ লাখ সদস্যের পরিবারকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।