অনিবন্ধিত অনলাইন ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে যুক্ত পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজসিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে, অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও রিটকারী সংস্থা ‘ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল’এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

রিট আবেদনে উল্লেখ করা হয়, অনিবন্ধিত বিভিন্ন অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক পেজ ব্যবহার করে প্রতিনিয়ত গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। শুনানি শেষে আদালত আবেদনটি আমলে নিয়ে বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।