শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই লন্ডন থেকে দেশে ফিরছেন। সোমবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ সম্পর্কে কিছু জানাননি।

২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যাওয়ার পর থেকেই তারেক রহমান সেখানে অবস্থান করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে প্রায় শ’খানেক মামলা ছিল, যার মধ্যে পাঁচটি মামলায় তাঁর সাজাও হয়েছিল। যদিও বিএনপি প্রথম থেকেই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে দাবি করে আসছিল।

চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। এরপর পরিবর্তিত পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালত থেকে একে একে সব মামলা থেকে মুক্ত হন তারেক রহমান। আইনি বাধা দূর হওয়ার প্রেক্ষাপটেই তাঁর দেশে ফেরার খবর জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য।

স্থায়ী কমিটির বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি ছিল দলের নিয়মিত সভা। বৈঠকে রাজনৈতিক আলোচনা, নির্বাচনভিত্তিক বিভিন্ন আলোচনা এবং নির্বাচনে প্রচারের কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, সোমবারের এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *