খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান: ডা. জাহিদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে ব্রিফ করার সময় তিনি এই আহ্বান জানান।

বেগম জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, “ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে।” তিনি স্পষ্ট করে জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া তাঁকে বিদেশে নেওয়ার সুযোগ এই মুহূর্তে নেই।

তিনি আরও বলেন, “মেডিকেল বোর্ডের সদস্যরা দেখেছেন। আজকেও বিদেশ থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন। দেখার পরে উনাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেওয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করেন, তখন উনাকে বিদেশে নেওয়া হবে।”

ডা. জাহিদ হোসেন নিশ্চিত করেছেন যে, তাঁর দল ও পরিবার বেগম জিয়াকে বিদেশে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে তিনি সতর্ক করে বলেন, “সর্বোচ্চটা মনে রাখতে হবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। একইসঙ্গে তিনি এই সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়ার কারণেই হয়তো বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *