খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল; বিদেশে নেওয়ার পরামর্শ অপেক্ষমাণ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা দিতে চীনের পর এবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে। এই বিশেষজ্ঞ দলটি বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার (১ ডিসেম্বর) ঢাকায় এসে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছে। এই ধারাবাহিকতায় যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞরাও বেগম জিয়াকে পর্যবেক্ষণ করবেন।

বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রসঙ্গে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, “মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজও (মঙ্গলবার) ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পর ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে—মেডিকেল বোর্ড যদি মনে করে, তখনই সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের সকল প্রস্তুতি আছে; কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে— রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।”

এছাড়াও, তিনি জানান, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার সিরোসিস, হার্টসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *