কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।”
লন্ডনে যাত্রা কখন শুরু হতে পারে, সে বিষয়ে ফখরুল বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তিনি ফ্লাই করবেন।”
এর আগে বৃহস্পতিবার জানানো হয়েছিল যে শুক্রবার সকালেই বিএনপি চেয়ারপারসন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন, যার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান।
উল্লেখ্য, বর্তমানে সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।



