বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শুধুমাত্র একটি দল নামের সাথে ‘ইসলামিক’ শব্দ ব্যবহার করলেই ইসলামিক হয়ে যাওয়া যায় না। ইসলামিক হতে হলে কাজের মধ্যে, মনের মধ্যে এবং নিজের রাজনীতির ভেতর ইসলাম থাকতে হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
নির্বাচন প্রসঙ্গে এ্যানি বলেন, মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে—কবে নির্বাচন হবে, কবে এই অনিশ্চয়তার শেষ হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের এই প্রত্যাশা পূরণ করতে হলে রাজনীতিতে শৃঙ্খলা ও সমঝোতা বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে মানুষ এখন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এত বেশি কথা, এত বেশি চালাকি—এসবের শেষ কোথায়? জনগণ সৎ রাজনীতি চায়, জুলুম নয়, বিভ্রান্তি নয়।”
দোয়া মাহফিল শেষে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।



