নীতির প্রশ্নে আপস করেননি খালেদা জিয়া, দেশ মাতৃকার পরীক্ষায় ১০০-তে ১০০: খায়রুল কবির খোকন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি। দেশের স্বার্থ, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করায় তিনি দেশ মাতৃকার পরীক্ষায় ১০০-তে ১০০ পেয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন অভিযোগ করেন, দেশনেত্রী গণতন্ত্রের পক্ষে কথা বলায় এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলায় তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং ক্যাঙারু আদালতে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, “তাকে পরিত্যক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে। তাকে সেখানে ৬টি বছর বিনা কারণে, বিনা অপরাধে নির্যাতন করা হয়েছে। তাকে ঠুনকো আইনি ব্যাখ্যা দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেওয়া হয়নি। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।”

খোকন আরও বলেন, খালেদা জিয়া ইচ্ছে করলে অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি ব্যক্তিগত ভোগ-বিলাসকে তুচ্ছ মনে করেছেন।

দোয়া মাহফিলে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) বলেন, “সারাদেশে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের মাধ্যমে কোরআন খতম দিয়েছি। আমরা চাই দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সহসভাপতি এমএ জলিল, হারুন অর রশিদ, ব্যবসায়ী নেতা প্রবীর কুমার সাহা ও নিজাম উদ্দিন ভূঁইয়া রিটনসহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়িক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরে মুফতি মাজহারুল ইসলাম মাজহারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *