‘দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব’: তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে যে কোনো মূল্যে দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন, এই দুই বিষয় সফলভাবে মোকাবিলা করতে না পারলে নারী, কৃষি, স্বাস্থ্যখাতসহ দেশের সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাঁর মতে, দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমরা দৃঢ়ভাবে বলতে পারি– দুর্নীতি রোধ করতে পারলে একমাত্র বিএনপিই তা করতে পারে– কারণ আমরা অতীতে করেছি, ভবিষ্যতেও করতে পারব ইনশাআল্লাহ।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার বিভিন্ন বাহিনী তৈরি করে দেশে আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়েছিল, যদিও পরে স্বৈরাচার সেই বাহিনীকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করেছিল। তাই তাঁর দাবি, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে।

বিএনপিকে সমালোচনা করা কিছু মানুষের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, স্বৈরাচারের মতো কিছু মানুষ বিএনপিকে এখন সমালোচনা করছে। অথচ বিএনপির সরকারে তাদের দুইজন লোক ছিল, যারা শেষদিন পর্যন্ত সরকারে ছিল। তিনি বলেন, শেষদিন পর্যন্ত তাদের সরকারে থাকা প্রমাণ করে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান পরিষ্কার। তিনি আরও দাবি করেন, বিএনপির বিরুদ্ধে উত্থাপিত কোনো অভিযোগই আদালতে প্রমাণ হয়নি।

জাতীয় সরকার গঠন সম্পর্কে দলের অবস্থান পরিষ্কার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমরা জনগণের কাছে যাবো, জনগণের রায় মাথা পেতে নেবো। কারণ আমরা মনে করি, জনগণই আমাদের ক্ষমতার উৎস, তাই জনগণের সামনে গিয়ে আমরা দাঁড়াবো।”

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, মানুষের জন্য যা করা সম্ভব, তারা শুধু সেটাই কমিট করবেন।

তিনি বলেন, “যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা কেউ কমিট করতে পারে না। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি– পৃথিবীর সবকিছুর মালিক আল্লাহ তাআলা।” তিনি এমন কিছু মানুষের সমালোচনা করেন, যারা বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে (মিথ্যা প্রতিশ্রুতির ইঙ্গিত দিয়ে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *