বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নামে খোলা ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে রিজভী উল্লেখ করেন, “অজ্ঞাত কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে—যা সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন।”
তিনি পুনর্ব্যক্ত করেন যে তিনি এর আগেও গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন এবং থানায় জিডি করেছেন যে, তিনি নিজের নামে কখনোই ফেসবুক অ্যাকাউন্ট খুলেননি। তাঁর নামে খোলা এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশিত কোনো মতামতের সঙ্গে তাঁর ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।
রুহুল কবির রিজভী এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের কাছে তাঁর নামে খোলা ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিএনপির এই শীর্ষ নেতা সর্বসাধারণ এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত বক্তব্য ও মন্তব্যে কোনোভাবে বিভ্রান্ত না হওয়ার জন্য।



