হাইকোর্টের নির্দেশে জাগপা’র নিবন্ধন পুনর্বহাল: পেল নতুন প্রতীক ‘চশমা’

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা’র নিবন্ধন পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দলটির জন্য নতুন প্রতীক হিসেবে ‘চশমা’ সংরক্ষণ করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে।

নির্বাচন কমিশন ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছিল। তবে নিবন্ধনের শর্ত পূরণ না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করা হয়।

নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাইকোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। আদালতের আদেশে চলতি বছরের মার্চে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।

পুনর্বহালের গেজেটে ইসি জানিয়েছে, নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন ‘সন্তুষ্ট হয়ে’ জাতীয় গণতান্ত্রিক পার্টিকে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেয় এবং সে সময় ‘হুক্কা’ প্রতীক বরাদ্দ করে।

পরবর্তীকালে, ২০২৫ সালের ৯ নভেম্বর দলটি তাদের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি’-এর সঙ্গে ‘জাগপা’ সংযোজন করে এবং দলের প্রতীক হিসাবে ‘হুক্কা’-এর পরিবর্তে ‘চশমা’ বরাদ্দের আবেদন করে।

ইসি এই আবেদন গ্রহণ করে নিবন্ধিত রাজনৈতিক দলটির নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ এবং প্রতীক ‘চশমা’ নির্ধারণ করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *