হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার জানান, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে এবং যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে পুলিশ পুরোদমে কাজ করছে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

হামলার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা শুরু করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে।

ডিএমপি বিশ্বাস করে যে, সম্প্রতি ঘটে যাওয়া অন্যান্য চাঞ্চল্যকর ঘটনার মতো এই হামলার ঘটনায় জড়িতদেরও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে। এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ৯৯৯ নম্বরে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুইজন দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *