দেশের কল্যাণে আমরা যদি ঐকবদ্ধ না হই তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের কল্যাণে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয়, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, দেশে ষড়যন্ত্র এখনো থেমে নেই এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই কেবল এই ষড়যন্ত্র থামানো সম্ভব হবে। তাই যেকোনো মূল্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

হামলার নিন্দা ও ষড়যন্ত্রের ইঙ্গিত

সমাবেশে তিনি সম্প্রতি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি ও হত্যাচেষ্টার ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে উল্লেখ করেন। তারেক রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, গুলিবিদ্ধ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির ওপর এই হামলার পেছনে কারও কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না, তা গভীরভাবে ভেবে দেখতে হবে।

এ সময় তিনি কিছুদিন আগে চট্টগ্রামে বিএনপির এক নেতার ওপর হামলার ঘটনাও তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন যে, এসব ঘটনা ঘটিয়ে হয়তো কোনো চক্র রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।

অতীতের সমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা

অতীতের শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অতীতে ‘আওয়ামী স্বৈরাচার’ যেভাবে দেশ পরিচালিত করেছে, বিএনপি সেভাবে দেশ পরিচালনা করবে না। তিনি দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন এনে জনগণের কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার করেন। তিনি বলেন, “আমরা তার পরিবর্তন আনব, কল্যাণ করব। সেজন্য এই দেশ গড়ার পরিকল্পনা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে বাস্তবায়ন করব।”

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান আহ্বান জানান, মানুষের কাছে যেতে হবে। তিনি বলেন, “আমাদের বসে থাকলে চলবে না। আমাদের এখন বড় দায়িত্ব হলো বিএনপির প্রত্যেকটি পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়া।” তিনি জোর দিয়ে বলেন, শুধু জনগণের দোরগোড়ায় নিলে হবে না, এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে। ষড়যন্ত্রের আবহে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *