বিদেশগামীরা সতর্ক হোন: অ্যাপোস্টিল সনদ জালিয়াতি রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্ম কাজ করছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন ধরনের সনদ অনলাইনে সত্যায়ন বা ‘অ্যাপোস্টিল সনদ’ দেওয়া হচ্ছে। শনিবার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বিদেশগামী নাগরিকদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এই সেবার ফলে নাগরিকদের সময়, অর্থ ও শ্রম ব্যাপকভাবে সাশ্রয় হচ্ছে। গত ১১ মাসে এই সেবার মাধ্যমে প্রায় ১৭ লাখ আবেদন সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে, যা এই কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

জালিয়াতি চক্রের অপচেষ্টা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে একটি অসাধু চক্র ‘অ্যাপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে এই গুরুত্বপূর্ণ সেবার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই প্রতারকরা সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরই মধ্যে এমন দুটি জাল সার্টিফিকেট সম্বলিত ওয়েবসাইট শনাক্ত হয়েছে, যার লিংকগুলো হলো https://apostillemygovbd.news/.application-details/.7020251029 এবং https://apostille-mygovbd.com/

প্রশাসনের পদক্ষেপ

এ ধরনের জাল ডোমেইন বন্ধ করা এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত আগস্ট মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ বরাবর পত্র প্রেরণ করা হয়। এই পদক্ষেপের ফলে দুটি জাল ডোমেইন—https://apostile.mygov-bd.com/ এবং https://apostiller-bd.com/—ইতোমধ্যেই বন্ধ করা হয়েছে। পাশাপাশি, জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং অন্যান্য জাল ডোমেইনগুলো অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে এই ধরনের প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যু করা পাবলিক ডকুমেন্টসমূহের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই সব বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন শুধুমাত্র মাইগভ (https://www.mygov.bd/) ছাড়া অন্য কোনো সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে প্রবেশ করা থেকে বা ব্যক্তিগত তথ্য প্রদান করা থেকে বিরত থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *