আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশের মালিক হিসেবে আগামী পাঁচ বছর দেশ কারা চালাবেন, তা ভেবে-চিন্তে নির্ধারণ করার জন্য তিনি ভোটারদের পরামর্শ দিয়েছেন।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ শীর্ষক একটি বিশেষ প্রচারণার উদ্বোধনকালে ভিডিওবার্তায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অধ্যাপক ইউনূস বলেন, “আপনি দেশের মালিক। এ দেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে, সেটা আপনি ঠিক করুন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন। চিন্তা-ভাবনা করে ভোট দিন।” তিনি বিশেষভাবে তরুণ সমাজ, নারী ভোটার এবং যারা প্রথমবার ভোট দেবেন, তাদের নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।
নির্বাচনী পরিবেশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকার এমন একটি নির্বাচন চায় যেখানে কোনো ভয় বা বাধা থাকবে না; থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশের সুযোগ। তিনি আরও জানান, এবারের নির্বাচনে ভোটারদের জন্য আরেকটি বড় সিদ্ধান্ত হবে ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর গণভোট। এই লক্ষ্যে ১০টি ‘সুপার ক্যারাভান’ বা ভোটের গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় গণতন্ত্রের বার্তা নিয়ে ঘুরে বেড়াবে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের মূল লক্ষ্য হলো গণভোটে সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণ নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, এবারের গণভোট কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং দেশ পরিচালনার পদ্ধতি ও ক্ষমতার ভারসাম্য রক্ষার একটি ঐতিহাসিক সুযোগ। গণভোটে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পরিবর্তনের প্রকৃত ধারা সূচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



