রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং এর আশেপাশের এলাকায় সব ধরনের ড্রোন উড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে। বুধবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। ডিএমপি সতর্ক করে দিয়েছে যে, এই আদেশ অমান্য করে কেউ ড্রোন উড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নিষেধাজ্ঞার প্রেক্ষাপট হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরে প্রথমেই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন। ধারণা করা হচ্ছে, ভিভিআইপি মুভমেন্ট এবং জননিরাপত্তার কথা বিবেচনা করেই পুলিশ এই আগাম সতর্কতা গ্রহণ করেছে।
এদিকে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দর কেন্দ্রিক যাতায়াত সহজ করতে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোলমুক্ত রাখার ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।



