তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি নেতার পদত্যাগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি নিজের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

মীর আরশাদুল হক এনসিপি-র কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ছাড়াও নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল, শৃঙ্খলা কমিটি ও পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের ঘোষণায় তিনি স্পষ্ট করেন যে, আগামী নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে তিনি আর এনসিপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

পদত্যাগের কারণ হিসেবে আরশাদুল উল্লেখ করেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপি যাত্রা শুরু করলেও গত ১০ মাসের অভিজ্ঞতায় দলটির নেতারা সেই প্রতিশ্রুতি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, “যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই। দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছেন।” তিনি আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের এত আত্মত্যাগের পরও এনসিপি একটি শান্তিপূর্ণ ও ন্যায্যতার বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রাখতে পারেনি।

তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের দিনেই এই ঘোষণা দিয়ে আরশাদুল বলেন, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে তারেক রহমানের কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, এই মুহূর্তে সবাইকে ধারণ করে দেশকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা একমাত্র তিনিই রাখেন। তিনি উল্লেখ করেন, যখন অন্যান্য দল ধর্ম ও পপুলিজমকে প্রধান এজেন্ডা করছে, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থানের মতো মানুষের দৈনন্দিন জীবনের মৌলিক বিষয়গুলো নিয়ে একটি ‘ক্লিয়ার ভিশন’ বা সুনির্দিষ্ট পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করছেন।

মীর আরশাদুল হকের মতে, তারেক রহমানের এই ‘স্মার্ট অ্যাপ্রোচ’ বা আধুনিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাকে আকৃষ্ট করেছে। তিনি তরুণ সমাজকে কোনো হুজুগে প্রভাবিত না হয়ে দেশের সামগ্রিক কল্যাণে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান।

এদিকে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবারই দেশে ফিরেছেন তারেক রহমান। বিকেল ৪টার দিকে রাজধানীর ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নেন। সেখানে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। মীর আরশাদুল হকের এই পদত্যাগ ও সমর্থন পরিবর্তনের বিষয়টি রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *