সংবর্ধনা শেষে এভারকেয়ারে যান তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পূর্বাচলের ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠান শেষ করেই সরাসরি অসুস্থ মা বেগম খালেদা জিয়ার পাশে ছুটে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। ৩০০ ফুট এলাকায় নেতাকর্মীদের ব্যাপক ভিড়ের কারণে তাকে বহনকারী বাসটি ধীরগতিতে হাসপাতালে পৌঁছায়।

হাসপাতালের গেটে গাড়ি থেকে নেমে তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে হেঁটে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে দেখার জন্য ভিড় করা উচ্ছ্বসিত কর্মীদের সঙ্গে কয়েকবার হাত মেলাতেও দেখা যায় তাকে। তার সঙ্গে হাসপাতালে প্রবেশ করেন স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও হৃদযন্ত্রের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৭ নভেম্বর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি-বিদেশি ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার নিয়মিত চিকিৎসা তদারকি করছে।

হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা অবস্থানকালে তারেক রহমান তার মায়ের শয্যাপাশে সময় কাটান এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে তার বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর রাত সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের উদ্দেশে রওনা হন।

রাত সাড়ে ৮টায় তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছান। ফেরার পথেও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বাসার সামনে পৌঁছে তিনি সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *