আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে নির্বাচনের লক্ষ্যে জেলা বিএনপি সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
জানা গেছে, রোকন উদ্দিন বাবুলের পক্ষে তাঁর প্রতিনিধি দিলিপ রায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্রটি ক্রয় করেন। তিনি বিএনপির দলীয় প্রার্থী হিসেবেই এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
তবে রোকন উদ্দিন বাবুলের মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে কিছু আইডি থেকে দাবি করা হয় যে, তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নয় বরং ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। এর সমর্থনে একটি কম্পিউটার কম্পোজ করা কাগজও পোস্ট করা হয়, যাতে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর বা সিল ছিল না। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে রোকন উদ্দিন বাবুলের রাজনৈতিক অনুসারীরা জানিয়েছেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। তিনি বিএনপি থেকেই মনোনয়ন প্রত্যাশী এবং এলাকার মানুষের মাঝেও তাঁকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে দেখার ব্যাপক আগ্রহ রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
ব্যক্তিগত প্রতিক্রিয়ায় রোকন উদ্দিন বাবুল বলেন, “আমি দলের সিদ্ধান্তের বাইরে কোনো প্রকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করিনি। আমি দলীয় প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বিরোধী পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমি যাতে দলীয় মনোনয়ন না পাই, সেজন্য এ ধরনের ষড়যন্ত্র করছে।” তিনি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি কোনো ধরনের গুজবে কান না দেওয়ার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম জানান, রোকন উদ্দিন বাবুল কোনো স্বতন্ত্র ব্যানারে মনোনয়ন ক্রয় করেননি। তিনি বিএনপির দলীয় প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র নিয়েছেন। সামাজিক মাধ্যমে যে অসংলগ্ন পোস্টগুলো দেওয়া হচ্ছে, তাতে কোনো দাপ্তরিক স্বাক্ষর বা সিল নেই এবং সেগুলো সম্পূর্ণ মিথ্যা।
নির্বাচন সংশ্লিষ্টদের মতে, নির্বাচনী আমেজ শুরু হতেই অপপ্রচার ও গুজবের এমন ঘটনা ভোটারদের মাঝে বিভ্রান্তি তৈরি করতে পারে। তবে রোকন উদ্দিন বাবুল জানিয়েছেন, সঠিক সময়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের পাশে দাঁড়াবেন।



