শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি, দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিনিয়োগ বাড়াবে: ড. মাহদী আমিন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি ভবিষ্যতে শিক্ষার ওপর কোনো ভ্যাট বসাবে না, বরং বৈশ্বিক শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিনিয়োগ বাড়াবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশানের আমারী হোটেলে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘ইউথ কাউন্সিল অব বাংলাদেশ’।

বিএনপির এই নীতি-গবেষক বলেন, বিএনপির কাছে শিক্ষার উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়, বরং এর মূল লক্ষ্য হলো নৈতিক ও দক্ষ মানুষ গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশগুলোতে বিশাল কর্মসংস্থানের সুযোগ থাকলেও ভাষাগত দক্ষতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারছে না। এই ঘাটতি পূরণে বিএনপি ভবিষ্যতে মানুষের ওপর বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এছাড়া শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাবলেট’ নীতি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে মাহদী আমিন স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপির আমলে এবং জুলাই গণ-অভ্যুত্থানে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ছিল অনস্বীকার্য।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এগোলেও শিক্ষা ব্যবস্থা সে অনুযায়ী এগোয়নি। দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য শিক্ষা সংস্কার এবং শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষিত করা জরুরি।

শিক্ষাপ্রতিষ্ঠান ‘শিখো’-র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী দেশের শিক্ষা খাতের সীমাবদ্ধতা তুলে ধরে জানান, বাংলাদেশে ৪ কোটি ২০ লাখ শিক্ষার্থী ও ১ লাখ ৩৫ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যা অনেক উন্নত দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। অথচ শিক্ষায় সরকারি ব্যয় জিডিপির মাত্র ১.৬–১.৭ শতাংশ। প্রচলিত পদ্ধতিতে এই বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণ সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

সংবাদমাধ্যম ‘সেন্ট্রিস্ট নেশন’-এর প্রতিষ্ঠাতা শাফকাত রাব্বী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইতিবাচক বার্তা দিয়ে বলেন, এআই মানুষের চাকরি কমাবে না; বরং এ বিষয়ে সঠিক প্রশিক্ষণ নিতে পারলে শ্রমবাজারের আরও বড় সুযোগ তৈরি হবে।

ইউথ কাউন্সিল অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সাহাদত বিন জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। বক্তারা সবাই একমত হন যে, পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *