পোস্টাল ব্যালট পেপারে বিএনপির নির্বাচনি প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার ঘটনা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে।
সচিব বলেন, ব্যালট সাজানোর ক্ষেত্রে কোনো অনিয়ম নয়, বরং গেজেটের অর্ডার অনুযায়ী কাজ করা হয়েছে। তবে প্রতীকটি ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি। তিনি উল্লেখ করেন, ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে বিস্তারিত না জেনে মন্তব্য করা সম্ভব নয়।
এর আগে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছিলেন যে, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে। এর ফলে ব্যালটটি ভাঁজ করলে প্রতীকটি সহজে চোখে পড়ে না। দলটির পক্ষ থেকে দাবি জানানো হয়, যেসব পোস্টাল ব্যালট এখনো পাঠানো হয়নি, সেগুলো সংশোধন করে পুনরায় ছাপানো হোক। ব্যালট পুনরায় ছাপানোর দাবির প্রেক্ষিতে সচিব জানান, বিষয়টি নিয়ে কমিশন সভায় আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে একটি ভিডিও ভাইরালের বিষয়েও কথা বলেন আখতার আহমেদ। তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যালট পাঠানো হচ্ছে। বাহরাইনে ১৬০টি ব্যালট একটি বক্সে পাঠানো হয়েছিল, যা অনেকটা ছাত্রাবাসের চিঠির বক্সের মতো একটি জায়গা থেকে প্রবাসীদের সংগ্রহের কথা ছিল।
সচিব আরও জানান, ব্যালট হাতে পেয়ে কিছু প্রবাসী আনন্দ প্রকাশ করে ভিডিও ধারণ করেছেন, যা করা ঠিক হয়নি বলে তিনি মনে করেন। পুরো বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে কমিশন থেকে জানানো হয়েছে।



