আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে বইছে ভোটের হাওয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যখন তুঙ্গে আলোচনা, ঠিক সেই মুহূর্তে ভোট নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি।
সোমবার (৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নির্বাচনকেন্দ্রিক এই প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি লেখেন, “গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।” তবে এই মন্তব্যে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর পরিচয় সরাসরি উল্লেখ করেননি।
কুদ্দুস বয়াতির এই পোস্ট দেওয়ার পরপরই তা সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তাঁর পোস্টের কমেন্ট সেকশনে সাধারণ মানুষ ও তাঁর ভক্তদের নানা ধরনের মন্তব্য এবং প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকেই তাঁর এই সাহসী ও সত্যনিষ্ঠ মন্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য যে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক ইস্যুতে কুদ্দুস বয়াতি প্রায়ই সামাজিক মাধ্যমে নিজের মতামত তুলে ধরেন।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামের সন্তান আব্দুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্দেশনায় ‘এই দিন, দিন না আরও দিন আছে’ গানের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি লাভ করেন। লোকসংগীতের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক প্রচারণাতেও তিনি গান গেয়েছেন, যার মধ্যে কোভিড-১৯ কালীন ব্র্যাকের হয়ে গাওয়া গানটি উল্লেখযোগ্য। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিজ্ঞাপনচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে গান গাওয়ার পাশাপাশি তাঁর দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে।
নির্বাচন ঘিরে কুদ্দুস বয়াতির এই সাম্প্রতিক মন্তব্য সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকলেও এখন পর্যন্ত কোনো রাজনৈতিক পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূুত্রঃ যুগান্তর



